চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে গত ১৭ জুলাই সংঘটিত ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভূমিধসের ঘটনায় পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন এবং সড়ক মাটি ও পাথরের স্তূপে চাপা পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। শত শত উদ্ধারকর্মী কয়েক দিন ধরে টানা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এর আগে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, ধ্বংসস্তূপে নিখোঁজ প্রায় ৫০ জনের জীবিত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১ জন। সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতের সংখ্যা ৪১-এ পৌঁছেছে।
উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশেও আরেকটি ভূমিধসে অন্তত ২১ জন নিহত হন। সাম্প্রতিক সময়ে দেশটিতে একাধিক প্রাকৃতিক দুর্যোগ প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কসমিক ডেস্ক