পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকেই অফিস কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।
মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেছে উৎসবের আমেজ। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সামনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
ঈদের ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাতে প্রধানমন্ত্রীর এই ব্যস্ত সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক