সাইবার স্ক্যাম ঠেকাতে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাইবার স্ক্যাম ঠেকাতে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
সাইবার স্ক্যাম ঠেকাতে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি ছবির ক্যাপশন:

সাইবার প্রতারণা ও সেক্সটর্শন (যৌন ব্ল্যাকমেইল) দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এক ভিসা নিষেধাজ্ঞা নীতির মাধ্যমে এসব অপরাধে জড়িত বিদেশি ব্যক্তিদের দেশটিতে প্রবেশ ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, অনলাইনভিত্তিক এই অপরাধগুলো এখন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই নীতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুধু অপরাধে সরাসরি জড়িত ব্যক্তিরাই নয়, প্রয়োজনে তাদের পরিবারের সদস্যদের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অনলাইন বিনিয়োগ প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে অন্তত ১০ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। এসব অপরাধের পেছনে আন্তঃদেশীয় চক্র কাজ করছে, যাদের অনেকের সঙ্গে সংগঠিত অপরাধ, অর্থপাচার ও মানবপাচারের সম্পর্ক রয়েছে।

বিশেষ করে ‘সেক্সটর্শন’ বা অনলাইনে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে, এসব চক্র পরিকল্পিতভাবে শিশু ও কিশোরদের লক্ষ্যবস্তু করছে, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

নতুন নীতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা আরোপ, বিচারপ্রক্রিয়া, সম্পদ জব্দ, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা। মার্কিন প্রশাসন বলছে, এসব ব্যবস্থার মাধ্যমে সাইবার অপরাধী চক্রগুলোকে ভেঙে দেওয়া এবং তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র আরেকটি ভিসা নিষেধাজ্ঞা নীতি চালু করেছিল, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের লক্ষ্য করে প্রণয়ন করা হয়। নতুন এই উদ্যোগকে সেই বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় না, বরং বৈশ্বিক পর্যায়েও সাইবার অপরাধ দমনে নেতৃত্ব দিতে চায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১১ দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র তন্ময়ের

১১ দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র তন্ময়ের