বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, যারা বাংলাদেশকে স্বীকার করে না, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।
বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিলের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে সিপিবি।
প্রিন্স বলেন, মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে যায় না। তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল স্বাধীনতা দিবস পালন করলেও তাদের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, অতীতে ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিলেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম জোরদার করতে পারেনি। বরং আপোষমূলক অবস্থানের কারণে এসব শক্তি আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “যারা বাংলাদেশ মানে না, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।” তবে তিনি একই সঙ্গে বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা নন। এ ধরনের বিষয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এবং জনগণের মতামতের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।
তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সে সময় তাদের সহযোগী বাহিনীগুলোর রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল।
প্রিন্সের বক্তব্যে উঠে আসে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করা জরুরি। একই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক প্রক্রিয়া চালু রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কসমিক ডেস্ক