উজানে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় তিস্তার পানির স্তর বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা নির্ধারিত ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায়ও একই পরিস্থিতি দেখা যায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি থাকলেও আতঙ্কের কোনো কারণ নেই। তার মতে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পানির স্তর কমে বিপৎসীমার নিচে নেমে আসবে।
তবে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পেলে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে এর আগেও তিস্তা নদীর পানি একাধিকবার বিপৎসীমা অতিক্রম করেছে। গত ২৩ জুন নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে গেলেও ২৮ জুন আবারও দ্বিতীয় দফায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
যদিও প্রতিবারই কয়েক ঘণ্টার মধ্যে পানি কমে যায়, তবুও ধারাবাহিকভাবে পানির ওঠানামা নদীতীরবর্তী মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উজানের বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে।
কসমিক ডেস্ক