নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট করা হয়েছে: চরমোনাই পীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট করা হয়েছে: চরমোনাই পীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট করা হয়েছে: চরমোনাই পীর ছবির ক্যাপশন:
ad728

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি বড় সুযোগ তৈরি হয়েছিল। মানুষ তখন মুক্তির সম্ভাবনা দেখেছিল এবং বিদেশি তাঁবেদারি থেকে দেশকে মুক্ত করার একটি পথ উন্মুক্ত হয়েছিল।

সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি প্রতীকী ‘বাক্স’ নিয়ে সারা দেশে মানুষের কাছে পৌঁছেছিল। এতে বিভিন্ন ইসলামি দল ও দেশপ্রেমিক মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়। তবে তাঁর অভিযোগ, ক্ষমতালোভীরা ইসলাম নামের সেই বাক্স ছিনতাই করে ধ্বংস করে ফেলেছে।

তিনি বলেন, “ইসলামের পক্ষের বাক্স ধ্বংস করার পর আবারও যখন আগের নীতি-আদর্শ অনুযায়ী দেশ চালানোর কথা বলা হয়, তখন আমাদের ভয় হয়। যদি আবার সেই পুরোনো নিয়মেই দেশ পরিচালিত হয়, তাহলে মানুষের সব আশা-আকাঙ্ক্ষা ভেস্তে যাবে।”

মুফতি রেজাউল করীম আরও বলেন, এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে দেশের প্রায় ২৫৮টি আসনে প্রার্থী দিয়েছে। তাঁর ভাষায়, “আমরা জানি না সামনে কী হবে। কেউ কেউ মনে করে আমরা একা হয়ে গেছি। কিন্তু আমরা একা নই—আমাদের সঙ্গে আল্লাহ আছেন, বাংলাদেশের মানুষ আছেন এবং যারা ইসলামকে ভালোবাসেন, তারা আছেন।”

তিনি দাবি করেন, ইসলামী আন্দোলনের রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং দেশ, জনগণ ও ইসলামের কল্যাণ নিশ্চিত করার জন্য। এ লক্ষ্যেই তারা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান। বিশেষ বক্তব্য দেন জামালপুর-৩ আসনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন আরিফ ও সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক, প্রবাসীদের উচ্ছ্বাস

মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক, প্রবাসীদের উচ্ছ্বাস