সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো ক্ষমতার প্রতিষ্ঠান নয়, বরং জনগণের কাছে দায়িত্বপ্রাপ্ত একটি ব্যবস্থা। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই সরকারের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি বন্যায় গৃহহারা শতাধিক পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য এবং দেশের জন্য। দলের রাজনৈতিক অঙ্গীকার হলো দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা। তিনি বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ। তাই মানুষের দুর্দশা লাঘবে সরকার সবসময় পাশে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি হলো— ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা।’ এই নীতির আলোকে সরকার কাজ করছে। আমরা ক্ষমতাবান নই, আমরা দায়িত্বপ্রাপ্ত। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার জনগণের পাশে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু গৃহহীন মানুষ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতেও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া উদ্যোগের সুফল দ্রুত পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অভ্যন্তরীণ পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে বন্ধ থাকা স্লুইসগেটগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে স্লুইসগেট ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যায় গৃহহীন ২০টি পরিবারের হাতে টিন, খাট, লেপ-তোশকসহ প্রয়োজনীয় গৃহসামগ্রী তুলে দেওয়া হয়। পরে আরও ৮০টি পরিবারের মধ্যে গৃহসহায়ক সামগ্রী বিতরণের কথা জানানো হয়।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজের নির্বাচনী এলাকার পেকুয়া ও মাতামুহুরি উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং ও রাজাখালী সবুজ বাজার এলাকায় দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

পরে তিনি উজানটিয়া সোনালী বাজার এলাকার স্লুইসগেট পরিদর্শন করেন এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬ দেশে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে উত্

৬ দেশে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে উত্