অভিবাসনবিরোধী অভিযানে ৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠাল দক্ষিণ আফ্রিকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভিবাসনবিরোধী অভিযানে ৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠাল দক্ষিণ আফ্রিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
অভিবাসনবিরোধী অভিযানে ৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠাল দক্ষিণ আফ্রিকা ছবির ক্যাপশন:

অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা গত পাঁচ সপ্তাহে ৫৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বা নির্বাসিত করেছে। দেশটির সরকার জানিয়েছে, চলমান ‘অভিবাসন ব্যবস্থাপনা’ অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজার ৪৯৯ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মালাউইয়ের নাগরিক। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক জিম্বাবুয়েমোজাম্বিকের নাগরিকও রয়েছেন। সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী বিক্ষোভ, সহিংসতা, ভীতি প্রদর্শন এবং লুটপাটের ঘটনার পর নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এটি সাম্প্রতিক বছরের অন্যতম বড় অভিযান।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধ অভিবাসনের কারণে দেশে বেকারত্ব বৃদ্ধি, অপরাধের হার বেড়ে যাওয়া এবং সরকারি সেবার ওপর চাপ তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং নথিপত্রহীন অভিবাসীদের গণনির্বাসনের দাবি জানিয়ে আসছে। এমনকি তারা ৩০ জুনের মধ্যে সব অনথিভুক্ত অভিবাসীকে দেশ ছাড়ার জন্য একটি অনানুষ্ঠানিক সময়সীমাও ঘোষণা করেছিল।

তবে জাতিসংঘ এ বিষয়ে সতর্ক করে বলেছে, দক্ষিণ আফ্রিকার আর্থ-সামাজিক সমস্যার জন্য অভিবাসীদের দায়ী করা উচিত নয়। সংস্থাটির মতে, অভিবাসীদের বলির পাঁঠা বানানোর প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং নতুন করে সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সহিংসতা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় ইতোমধ্যে অনেক বিদেশি স্বেচ্ছায় দক্ষিণ আফ্রিকা ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। এছাড়া ঘানা, নাইজেরিয়া, উগান্ডা ও কেনিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে।

রোববার প্রিটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার বিচার ও সাংবিধানিক উন্নয়নমন্ত্রী মামোলোকো কুবাইয়ি জানান, সরকার এমন একটি সুশৃঙ্খল অভিবাসনব্যবস্থা গড়ে তুলতে চায়, যা একদিকে জনগণের উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নেবে, অন্যদিকে নাগরিকত্ব বা অভিবাসন অবস্থান নির্বিশেষে সবার মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, এই অভিযানের সময় এমন কয়েকজন ব্যক্তিকেও আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আগে থেকেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছিল। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং সন্দেহের ভিত্তিতে বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে অননুমোদিত তল্লাশি না চালায়।

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসন নিয়ে জনগণের উদ্বেগকে স্বীকার করলেও বিদেশিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অভিবাসনসংক্রান্ত সব বিষয়ে আইন ও রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই সমাধান করতে হবে।

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের অন্যতম উন্নত অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই উন্নত কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের আশায় প্রতিবেশী দেশগুলোর অভিবাসীদের প্রধান গন্তব্য হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও সামাজিক অসন্তোষের প্রেক্ষাপটে দেশটিতে অভিবাসন ইস্যু আবারও জাতীয় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনকালে শিক্ষককে তল্লাশি ও অবরুদ্ধ

ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনকালে শিক্ষককে তল্লাশি ও অবরুদ্ধ