ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।
এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
মানবিক উদ্যোগের পাশাপাশি মাঠেও ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে তিনি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ব্রাজিল জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় আরও বেশি সময় মাঠে খেলতে প্রস্তুত।
সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ। ফলে মানবিক সহায়তার পাশাপাশি মাঠের পারফরম্যান্স দিয়েও আলোচনায় রয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
কসমিক ডেস্ক