অর্থ পাচার রোধে প্রযুক্তি নির্ভর সরকারি ব্যবস্থার ঘোষণা দিলেন জোনায়েদ সাকি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অর্থ পাচার রোধে প্রযুক্তি নির্ভর সরকারি ব্যবস্থার ঘোষণা দিলেন জোনায়েদ সাকি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
অর্থ পাচার রোধে প্রযুক্তি নির্ভর সরকারি ব্যবস্থার ঘোষণা দিলেন জোনায়েদ সাকি ছবির ক্যাপশন:

সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা)’ প্রকল্পের উদ্বোধন করেছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিক, সমন্বিত এবং ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অতীতে সরকারি অর্থ ব্যয়ে লাগামহীন লুটপাট ও অর্থপাচারের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, বর্তমান সরকার তার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, সিটা প্রকল্পের আওতায় পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কেন্দ্রীয় সরকারি ক্রয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের কার্যক্রম আরও আধুনিক ও সমন্বিত করা হবে। এসব প্রতিষ্ঠানের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি পেলে রাজস্ব আহরণ, সরকারি ব্যয় ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, তথ্য সংগ্রহ এবং নিরীক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজস্ব বাড়াতে হলে কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং প্রযুক্তিনির্ভর করতে হবে। অটোমেশনের মাধ্যমে নতুন করদাতা অন্তর্ভুক্ত করা এবং করের আওতা সম্প্রসারণ সম্ভব হলে রাজস্ব সংগ্রহও বাড়বে।

সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কার্যকর নিরীক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়কে আরও আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা জরুরি। এতে সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তার নির্ভুল হিসাব নিশ্চিত হবে এবং অপচয়, দুর্নীতি ও অনিয়ম কমিয়ে আনা সম্ভব হবে।

সরকারি ক্রয় ব্যবস্থার প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে সরকারি দরপত্র ও ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার বাড়লে অনিয়মের সুযোগ কমবে এবং সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যক্রম সম্পর্কেও তিনি গুরুত্বারোপ করেন। তার মতে, নির্ভরযোগ্য তথ্য ছাড়া কার্যকর উন্নয়ন পরিকল্পনা সম্ভব নয়। তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জনসংখ্যা ও অর্থনৈতিক জরিপসহ জাতীয় গুরুত্বপূর্ণ পরিসংখ্যানকে আরও নির্ভুল ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া পরিকল্পনা বিভাগের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও তিনি আলোকপাত করেন। উন্নয়ন প্রকল্প মূল্যায়ন, ব্যয় নির্ধারণ, বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সমন্বয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। এর মাধ্যমে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পরিকল্পনা বিভাগের নেতৃত্বে এমন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যার মাধ্যমে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ও তথ্যভান্ডার পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে তথ্য আদান-প্রদান সহজ হবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সচিব এসএম শাকিল আক্তারের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির সিইও মো. মইনুদ্দিন, আইএমইডি সচিব সিরাজুন নুর চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সরকারের প্রত্যাশা, নির্ধারিত সময় ও ব্যয়সীমার মধ্যে সিটা প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার নতুন দৃষ্টান্ত তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের পর আগুন নিয়ন্ত্রণে ফায়

উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের পর আগুন নিয়ন্ত্রণে ফায়