স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র, নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র, নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র, নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ও অবস্থান ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস মিলেছে। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট মেয়াদভিত্তিক অবস্থান অনুমতির নতুন বিধিমালা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে মার্কিন প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রস্তাবিত নিয়মটির চূড়ান্ত অনুমোদনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিধিমালাটির পর্যালোচনা সম্পন্ন করেছে, যা আনুষ্ঠানিক প্রকাশের আগে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে ‘এফ’ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালু রাখা এবং ভিসার শর্তাবলি মেনে চলার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়সীমা নয়, বরং শিক্ষাজীবনের বৈধতা অনুযায়ী তাদের অবস্থানের সুযোগ দেওয়া হয়। এই ব্যবস্থাই ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নামে পরিচিত।

নতুন বিধিমালা কার্যকর হলে এই নীতির পরিবর্তে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় একটি নির্দিষ্ট মেয়াদের অনুমতি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এই সময়সীমা চার বছর পর্যন্ত হতে পারে। তবে কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা সম্পন্ন করতে না পারলে তাকে অতিরিক্ত সময়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন আবেদন করতে হবে।

প্রস্তাবিত নিয়ম শুধু ‘এফ’ ভিসাধারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে বিভিন্ন শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকরাও এর আওতায় আসবেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমের অগ্রগতির ভিত্তিতে তুলনামূলক বেশি নমনীয়তা ভোগ করেন। কিন্তু নতুন নীতিতে সময়সীমা নির্ধারণ করা হলে শিক্ষার্থীদের প্রশাসনিক প্রক্রিয়া ও অনুমোদনের ওপর আরও বেশি নির্ভরশীল হতে হবে। বিশেষ করে গবেষণাভিত্তিক বা দীর্ঘমেয়াদি একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বিষয়টি বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রথম এই পরিবর্তনের ধারণা কয়েক বছর আগে উত্থাপন করেছিল। এর আগে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনের সময়ও অনুরূপ উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। বর্তমান প্রক্রিয়ায় চূড়ান্ত প্রশাসনিক পর্যালোচনা সম্পন্ন হওয়ায় নতুন বিধিমালা কার্যকর হওয়ার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মনে করা হচ্ছে।

এমন সময়ে এই উদ্যোগ সামনে এসেছে, যখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা ব্যবস্থায় নজরদারি এবং যাচাই-বাছাই প্রক্রিয়া আগের তুলনায় আরও কঠোর হয়েছে। ফলে নতুন নীতিমালা কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনা, গবেষণা কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি অবস্থান সংক্রান্ত সিদ্ধান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা প্রতিবছর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশ দক্ষিণ এশিয়া থেকে আসে। নতুন নিয়ম বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি ডিগ্রি, গবেষণা প্রকল্প এবং পড়াশোনা-পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে অনেক শিক্ষার্থীকেই নতুন করে হিসাব-নিকাশ করতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখ যাত্রীর যাতায়াত

ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখ যাত্রীর যাতায়াত