চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের সম্মতি। এর মাধ্যমে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং কূটনৈতিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় আন্তর্জাতিক বিষয়ও স্থান পায়। জাতিসংঘের অধীনে পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোম্যাসি) বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও কাজাখস্তানের সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কসমিক ডেস্ক