কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশি নারীকে বিয়ে করা এক চীনা নাগরিকের অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার (২২ জুন) রাতে চীনা নাগরিক ফুলবাড়ী থানায় গেলেও ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় তাকে সেখানকার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
ভুক্তভোগী চীনা নাগরিক আন হংওয়েই অভিযোগ করেন,তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর আন হংওয়েইকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে এলে বিদেশি জামাইকে এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে এলাকায়। তবে বিয়ের দুই মাসের মাথায় দাম্পত্য জীবনে এমন ঘটনার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন,অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।