স্কুলের নলকূপের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্কুলের নলকূপের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
স্কুলের নলকূপের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী ছবির ক্যাপশন:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানি পান করে অন্তত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ২৯ জনকে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় থাকা দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, সকালে বিদ্যালয়ের নলকূপের পানি পান করার পরপরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ জানান, ঝালমুড়ি খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী টিউবওয়েলের পানি পান করে, এরপরই তাদের বমি ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। আবার অনেক শিক্ষার্থী প্রচণ্ড গরমে সরাসরি পানি পান করার পর অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার পরপরই শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল ধারণা করছেন, নলকূপের পানিতে কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক বা কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়ে থাকতে পারে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহামেদ জানান, নলকূপের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি সাদা পেস্টসদৃশ পদার্থ উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে বিষক্রিয়ার সম্পর্ক আছে কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন জানান, পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে বিষাক্ত পদার্থ মেশানোর আলামত পাওয়া গেলেও চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু নিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজশাহীর চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

রাজশাহীর চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত