কৃষ্ণ সাগরে (Black Sea) পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে পানামার মেরিটাইম অথরিটি (Autoridad Marítima de Panamá) এ তথ্য নিশ্চিত করে জানায়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ জুন)।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার পরও জাহাজটি তার নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
তবে ড্রোন হামলাটি কোথা থেকে চালানো হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ। এএমপি জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় কৃষ্ণ সাগর ও আজভ সাগর অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে ইউক্রেন ও রাশিয়ার জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ শিপ রেজিস্ট্রি পরিচালনাকারী দেশ পানামা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বজুড়ে প্রায় ১৬ শতাংশ বাণিজ্যিক জাহাজ পানামার পতাকা ব্যবহার করে চলাচল করে।
এই ঘটনার পর সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক শিপিং রুট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কসমিক ডেস্ক