মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক শক্তি জোরদার করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইরান-কে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় কয়েক হাজার মেরিন সেনা ও একাধিক যুদ্ধজাহাজসহ একটি বড় নৌবহর মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম Newsmax-কে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে নির্ধারিত সময়ের আগেই ‘বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ’ এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে মোতায়েন করা হচ্ছে। এই বহরে রয়েছে USS Boxer, USS Portland এবং USS Comstock-এর মতো শক্তিশালী উভচর যুদ্ধজাহাজ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এসব জাহাজে প্রায় চার হাজার সেনাসদস্য অবস্থান করছেন, যার মধ্যে প্রায় আড়াই হাজার মেরিন সেনা রয়েছে। অত্যাধুনিক F-35 Lightning যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং উভচর যুদ্ধযানসহ এই বহর সমুদ্র থেকেই সরাসরি স্থল আক্রমণ পরিচালনায় সক্ষম।
এই নৌবহরটি মধ্যপ্রাচ্যের পথে থাকা USS Tripoli-এর সঙ্গে যুক্ত হয়ে আরও শক্তিশালী সামরিক উপস্থিতি গড়ে তুলবে। পাশাপাশি স্বল্প সময়ের নোটিশে USS New Orleans এবং USS Rushmore-এর মতো জাহাজও যুক্ত হতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে এই অঞ্চলে অতিরিক্ত প্রায় আট হাজার সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা USS Ford মেরামতের জন্য সরিয়ে নেওয়ায় যে সামরিক শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে এই নতুন বহর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগন অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের বাজেট চেয়েছে, যা নিয়ে আলোচনা চলছে। অপরদিকে ইরানও সতর্ক করে জানিয়েছে, নতুন করে হামলা হলে তারা কঠোর জবাব দেবে।
পাল্টাপাল্টি এই শক্তি প্রদর্শনের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।
কসমিক ডেস্ক