এক মুরগি তিনবার জবাই করা যাবে না: শিক্ষামন্ত্রীর মন্তব্যে আলোচনার ঝড় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: শিক্ষামন্ত্রীর মন্তব্যে আলোচনার ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
এক মুরগি তিনবার জবাই করা যাবে না: শিক্ষামন্ত্রীর মন্তব্যে আলোচনার ঝড় ছবির ক্যাপশন:

শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, “এক মুরগি তিনবার জবাই করা যাবে না”—এই উপমা ব্যবহার করে তিনি শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি ও অতিরিক্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে বারবার ভর্তি ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি করছে। তাই এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্টদের আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তার মতে, একটি শিক্ষার্থী একবারই রেজিস্ট্রেশন করবে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই তার শিক্ষাজীবন পরিচালিত হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এই খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা মূল চালিকাশক্তি।

নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, তাকে নিয়ে অনেকে ট্রল করছেন, তবে তিনি এটি ইতিবাচকভাবে নিচ্ছেন। তিনি বলেন, “আমি চাই সংসদে বিরোধী দলের এমপিরা আমাকে নিয়ে প্রশ্ন তুলুক, আমাকে জবাবদিহির মধ্যে রাখুক।”

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের মতো নয়। এখানে দায়িত্ব বেশি এবং কাজও জটিল। তাই শিক্ষার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পরীক্ষায় নকলের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, এখন নকল আর আগের মতো নেই; এটি ডিজিটাল রূপ নিয়েছে। তাই তিনি এটিকে “ডিজিটাল নকল” হিসেবে আখ্যায়িত করেন।

তার মতে, শিক্ষার্থীরা যদি নকল করে, সেটি শুধু তাদের ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং শিক্ষকদের ও পুরো শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নির্দেশ করে। কেন শিক্ষার্থীরা নকলের দিকে যাচ্ছে, তা খুঁজে বের করে সমাধানের পথ বের করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিক সংসদ সদস্য, যশোর ও আশপাশের জেলার জনপ্রতিনিধিরা এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক সভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও প্রশাসনিক জটিলতা কমানোর বিষয়েও আলোচনা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারী বিষয়ে অবস্থান স্পষ্ট করল জামায়াতে ইসলামি

নারী বিষয়ে অবস্থান স্পষ্ট করল জামায়াতে ইসলামি