চীনের সরকারি সফরের গুরুত্বপূর্ণ পর্বে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। আনুষ্ঠানিক এ আয়োজনে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চীন সফরের এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কূটনৈতিক কর্মসূচি রয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠক বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক