টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া: আইসিসি–বিসিবি বৈঠকে উত্তেজনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া: আইসিসি–বিসিবি বৈঠকে উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া: আইসিসি–বিসিবি বৈঠকে উত্তেজনা ছবির ক্যাপশন:
ad728

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে পর্দার আড়ালে দীর্ঘ আলোচনা ও তীব্র টানাপোড়েন চলেছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়, ভারতে নির্ধারিত ভেন্যুতে খেলতে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। এই প্রস্তাব ঘিরে আইসিসি ও বিসিবির মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে ধারাবাহিক আলোচনা চলে। তবে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকলেও আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি।

ক্রিকবাজের তথ্যমতে, আলোচনার একপর্যায়ে আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়—নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে সম্মতি জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি সম্মতি না দেওয়ায় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী, পুরো প্রক্রিয়ায় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জগ গুপ্ত নিয়মিতভাবে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে একটি ভিডিও কনফারেন্স বৈঠকে পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। ওই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির নিরাপত্তা মূল্যায়ন ও যুক্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং আইসিসির অবস্থান মেনে নিতে তার অনিচ্ছার কথা স্পষ্টভাবে তুলে ধরেন।

বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার কথা ছিল। দলটির চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। এখন সেই জায়গায় স্কটল্যান্ড অংশ নেবে, যারা বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে ছিল।

এদিকে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে আইসিসি এক বিবৃতিতে জানায়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ নিয়ে তারা অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন মূল্যায়ন পরিচালনা করেছে। সেই মূল্যায়নে বাংলাদেশের দল, কর্মকর্তা ও সমর্থকদের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি বলে দাবি করে আইসিসি।

আইসিসি আরও জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন করলে প্রতিযোগিতার নিরপেক্ষতা ও কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণেই প্রকাশিত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বৈঠকের অন্দরমহলের তথ্য প্রকাশ পাওয়ায়, আইসিসি ও বিসিবির মধ্যকার দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রমজান সামনে রেখে ভাসমান গুদাম, বাড়ছে নিত্যপণ্যের দাম

রমজান সামনে রেখে ভাসমান গুদাম, বাড়ছে নিত্যপণ্যের দাম