চার দিনের সরকারি সফরের শেষ দিনে চীনের রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি কৌশলগত সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
মুখপাত্র মাহদী আমিন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও বহুমাত্রিক ও শক্তিশালী হবে বলে সরকার আশা করছে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও বিস্তৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
চীন সফরের শেষ দিনের কর্মসূচিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সূচিও রয়েছে। এছাড়া তিনি চীনের একটি জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।
চার দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা রয়েছেন।
প্রধানমন্ত্রী গত ২১ জুন প্রথমে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে দুই দিন বিভিন্ন বৈঠক ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বেইজিংয়ে যান তিনি।
সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই সফরের বিভিন্ন বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
কসমিক ডেস্ক