১২ গোলের জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ শুরু বাংলাদেশের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১২ গোলের জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ শুরু বাংলাদেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
১২ গোলের জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ শুরু বাংলাদেশের ছবির ক্যাপশন:
ad728

মেয়েদের ফুটবলে ধারাবাহিক সাফল্যের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ। ২০২৬ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে শক্তির জানান দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে শুরু হয় এবারের অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে তারা।

দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মামনি চাকমা। গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ দল। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শ্রীমতি তৃষ্ণা রানি। প্রথমার্ধের শেষভাগে এসে জোড়া গোল করেন মোসাম্মৎ মুনকি আক্তার। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ের দ্বিতীয় ও তৃতীয় মিনিটে তার দুই গোলে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের পঞ্চম গোলটি করেন তৃষ্ণা রানি। পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক পরিবর্তন করে ভুটান। সোনাম শোডেনের জায়গায় মাঠে নামেন কেলজাং ওয়াংমো। তবে গোলরক্ষক বদল করেও বাংলাদেশের আক্রমণ সামলাতে পারেনি তারা।

এরপর একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগ ভেঙে পড়ে। আলপি আক্তার ও মুনকি আক্তারের দাপটে গোলের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ম্যাচে হ্যাটট্রিক করেন তিনজন ফুটবলার। মোসাম্মৎ মুনকি আক্তার করেন চার গোল, আর আলপি আক্তার ও শ্রীমতি তৃষ্ণা রানি করেন তিনটি করে গোল। এছাড়া একটি করে গোল করেন অর্পিতা বিশ্বাস অর্পি ও মামনি চাকমা।

৯০ মিনিটের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের শেষ গোলটি করে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলপি আক্তার। শেষ পর্যন্ত ১২-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, নারী সাফে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি টুর্নামেন্টের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী সাফে ভারত-বাংলাদেশ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। একই বছরে ঢাকায় নারী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেও শিরোপা জেতে বাংলাদেশ।

চার দলের এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। ৪ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। লিগ পর্ব শেষে সেরা দুই দল ৬ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন: লক্ষ্মীপুরে ঘুমন্ত শিশুর মৃত্যু,

দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন: লক্ষ্মীপুরে ঘুমন্ত শিশুর মৃত্যু,