বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোট কারচুপি ও নির্বাচনে অনিয়মের যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন এবং কোনো ষড়যন্ত্র জনগণের প্রতিরোধের মুখে টিকবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন জামায়াতের এই প্রার্থী।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, যদি কোনো মহল অবৈধভাবে ভোট কারচুপির চেষ্টা করে, তাহলে জনগণই তার দাঁতভাঙা জবাব দেবে। তিনি দাবি করেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোটাররা এখন অনেক বেশি সজাগ ও সচেতন।
এ সময় তিনি ভোট কারচুপি ও নির্বাচনী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সব সংস্থাকে তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বানও জানান তিনি।
গণসংযোগে বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ মহেশখালীতে দীর্ঘদিন ধরে চলমান হানাহানি ও সহিংস পরিস্থিতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য।
একই সঙ্গে তিনি মহেশখালী-কুতুবদিয়া এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করার কথা উল্লেখ করেন এবং নির্বাচিত হলে সেগুলোর টেকসই সমাধানে কাজ করার পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য মো. জাকির হোসেন, উপজেলা দক্ষিণ আমির মাস্টার শামিম ইকবাল, চট্টগ্রামস্থ মহেশখালী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মো. জালাল উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি এনামুল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রার্থী ভোটারদের মধ্যে নির্বাচনী সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজ দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন।
কসমিক ডেস্ক