নির্বাচনের আগে হুমকির ভিডিও—খতিয়ে দেখছে প্রশাসন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগে হুমকির ভিডিও—খতিয়ে দেখছে প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
নির্বাচনের আগে হুমকির ভিডিও—খতিয়ে দেখছে প্রশাসন ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনি প্রচারকালে দেওয়া এক বিএনপি নেতার হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, যা সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রচারের সময় সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না বলে মন্তব্য করেন বলে ভিডিওতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদীপুর এলাকায় নির্বাচনি প্রচারকালে এই বক্তব্য দেন নিজাম উদ্দিন। মোবাইল ফোনে ধারণ করা ওই বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আরও দেখা যায়, বক্তব্যকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক পার্টি থেকে পদত্যাগী পৌরসভার আহ্বায়ক ওমর ফারুক টিটু, তার ভাই ওসমান গণি রিতুসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বেড়েছে। ভোটাররা বলছেন, এ ধরনের হুমকিমূলক বক্তব্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস বলেন, একজন প্রার্থীর পক্ষে এ ধরনের হুমকি সুষ্ঠু ভোটগ্রহণে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

অভিযুক্ত সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, তিনি আত্মীয়স্বজনদের নিয়ে একটি উঠান বৈঠক করেছিলেন। তার দাবি, কিছু আত্মীয় প্রকাশ্যে বিএনপি প্রার্থীর পক্ষে থাকলেও গোপনে অন্য প্রার্থীর সমর্থন করছিলেন। সে কারণেই তিনি তাদের শাসন করেছিলেন, কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতকে ক্ষমতায় যেতে দেবেন না বলে হুঁশিয়ারি

জামায়াতকে ক্ষমতায় যেতে দেবেন না বলে হুঁশিয়ারি