সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতা: জামায়াতের অফিসে আগুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতা: জামায়াতের অফিসে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতা: জামায়াতের অফিসে আগুন ছবির ক্যাপশন:
ad728

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামির একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

জেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম জানান, বহুতি বাজারে একটি টিনশেড মার্কেটে তাদের নির্বাচনী অফিস স্থাপন করা হয়েছিল। রাতের আঁধারে সেখানে খড়কুটো জড়ো করে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, আগুন অফিসের ভেতরে প্রবেশ করতে পারেনি। টিনের চাল ও বেড়ার একটি অংশ পুড়ে গেছে। তিনি বলেন, আগুন যদি ঘরের ভেতরে ঢুকত, তাহলে পুরো মার্কেটটি পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

ঘটনার পর বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান শহীদুল ইসলাম। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দলীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দাখিল করেছেন।

তিনি আরও জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

মো. মামুন খান বলেন, ঘটনা ছোট হোক বা বড়—যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ক্ষমতায় এলে দক্ষ ও জনমুখী সরকার গঠনের লক্ষ্য জামায়াতের

ক্ষমতায় এলে দক্ষ ও জনমুখী সরকার গঠনের লক্ষ্য জামায়াতের