লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১ বছর বয়সী মাদরাসাছাত্র মো. শরীফ গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৭ জুন সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।
পরিবারের সদস্যরা জানান, শরীফ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী এবং রিকশাচালক করিম চৌধুরীর ছেলে। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ আদায় করার পর মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
ছেলেকে খুঁজে না পেয়ে সম্ভাব্য আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি পরিবারের সদস্যরা। পরে তারা কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশও সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ শিশুর মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন সকালে ছেলে নামাজ পড়ার পর তার কাছ থেকে ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়েছিল। এরপর আর সে বাড়ি ফেরেনি। দীর্ঘ ১০ দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় তিনি দুশ্চিন্তা ও মানসিক কষ্টের মধ্যে রয়েছেন।
শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন জানান, পরিবারের সবাই মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি সমাজের সব মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোথাও শরীফকে দেখতে পেলে দ্রুত কমলনগর থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ শিশুটিকে উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। কেউ যদি শরীফের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কমলনগর থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
পরিবারের আশা, জনসাধারণের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় দ্রুত শরীফকে সুস্থ ও নিরাপদ অবস্থায় খুঁজে পাওয়া যাবে।
কসমিক ডেস্ক