বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ২০ গ্রাম প্লাবিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ২০ গ্রাম প্লাবিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ২০ গ্রাম প্লাবিত ছবির ক্যাপশন:

উজানের ঢল ও টানা বর্ষণের কারণে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় অন্তত ২০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সোমবার (২৯ জুন) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর তথ্য অনুযায়ী, ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৮৫ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আশপাশের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। অন্যদিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিনের ভারী বর্ষণে দুধকুমার নদের পানি বেড়ে মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধে ধস দেখা দেয়। সময়মতো সংস্কার না হওয়ায় রোববার বিকেলে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এরপর থেকেই দ্রুত পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

এরই মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া, মালিয়ানি, সেনপাড়া, তেলিয়ানীপাড়া, পাটেশ্বরী, বোয়ালের ডারা, ধনিটারী, বড়মানীসহ একাধিক গ্রাম এবং নাগেশ্বরী পৌরসভার কয়েকটি এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, ইউনিয়নের চারটি ওয়ার্ডের অন্তত ২০টি গ্রামের মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছেন।

এদিকে পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলায় বীজতলা, পাট ও শাকসবজিসহ প্রায় ২০৪ হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে পানি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্গত মানুষের জন্য দুই লাখ টাকা, ১১০০ প্যাকেট শুকনো খাবার এবং ভাঙন রোধে প্রতিটি উপজেলার জন্য এক হাজার করে জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু