ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে নেওয়া হচ্ছিল এমন অভিযোগে বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাট এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের সম্ভাবনার খবর পাওয়ার পর থেকেই ছোট হরিণা এলাকায় নজরদারি জোরদার করা হয়। বিশেষ করে নদীপথে টহল বাড়ানোর পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় ৩৬ বস্তা ইউরিয়া সার, ৮ বস্তা টিএসপি সার এবং ২৭ বস্তা জৈব সার জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া সারের পরিমাণ প্রায় ৩ হাজার ৫৫০ কেজি। অভিযানটি পরিচালনা করেন ১২ বিজিবির হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি টহল দল।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তপথে কৃষিপণ্য, সারসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচার রোধে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অবৈধ পাচার ঠেকানোর চেষ্টা চলছে।
১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, চলতি মাসের শুরুতেও একই এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল। সীমান্তে চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
কসমিক ডেস্ক