ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই দেশজুড়ে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনকালীন দায়িত্বে থাকবেন। এর পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এসব ইউনিট স্বল্প সময়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
এ ছাড়া নির্বাচন কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন (ডগ স্কোয়াড) ইউনিট মোতায়েন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি সদর দপ্তর জানিয়েছে, নির্বাচন ও গণভোটকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এ প্রস্তুতির মূল লক্ষ্য।
কসমিক ডেস্ক