কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। সম্প্রতি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ও তারা বিপক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি, জামায়াতের রাজনীতি বরাবরই দেশের স্বার্থের বিপরীতে অবস্থান করেছে।
তিনি আরও বলেন, জামায়াত একবার আর্থিক সহায়তা দিলেও পরে আর সাধারণ মানুষের খোঁজ নেয় না। বিপরীতে বিএনপি ক্ষমতায় এলে নিয়মিতভাবে সাধারণ মানুষের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি দাবি করেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে জামায়াতের প্রতারণায় যেন কেউ না পড়েন। তার ভাষায়, জান্নাত পাওয়ার বিষয়টি ইবাদতের সঙ্গে সম্পর্কিত, ভোটের সঙ্গে নয়। ইবাদত আল্লাহ কবুল করলে তবেই জান্নাত লাভ সম্ভব।
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো ভারতের দিকে, কখনো পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে। বিএনপি দেশের মানুষের সঙ্গে এই দেশেই থাকতে চায় এবং দেশ পরিচালনা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে নির্বাচনি বক্তব্য হিসেবে দেখছেন, আবার অনেকে ধর্মীয় অনুভূতি ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।