চান্দনা-চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, এজেন্ট ব্যাংকের টাকা লুট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চান্দনা-চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, এজেন্ট ব্যাংকের টাকা লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
চান্দনা-চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, এজেন্ট ব্যাংকের টাকা লুট ছবির ক্যাপশন:
ad728

গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে আহত হয়েছেন হাবিবুর রহমান নামে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের একজন কর্মী।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তারা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং সেই সুযোগে হাবিবুর রহমানের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। বিস্ফোরণে হাবিবুর রহমান আহত হন। দুর্বৃত্তরা দ্রুত ২৪ লাখ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনা কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়।

স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার সংশ্লিষ্টরা জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা বহন করছিলেন হাবিবুর রহমান। তার সঙ্গে ছিলেন সহকারী সোহরাব। পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী টাকা নিয়ে চান্দনা-চৌরাস্তা শাখায় যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ছিনতাইয়ে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ ধরনের প্রকাশ্য ছিনতাই ও বিস্ফোরণের ঘটনায় গাজীপুর মহানগর এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা