বগুড়ায় বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বগুড়ায় বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
বগুড়ায় বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি ছবির ক্যাপশন:
ad728

বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে অন্তত ৫০টির বেশি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত এসব ঘটনায় বগুড়া সদর থানায় ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, তারেক রহমানের এই নির্বাচনী জনসভাকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ বগুড়া শহরে জড়ো হন। দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় মানুষের ঢল নামতে শুরু করে। সন্ধ্যার আগেই আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে হাজারো মানুষ সাতমাথা মোড় ও আশপাশের সড়কে অবস্থান নেন তার বক্তব্য শোনার আশায়।

এই বিপুল জনসমাগমের ভিড়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। জনসভায় অংশ নিতে আসা অনেকেই অভিযোগ করেন, ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ অনুভব করলেও বুঝে ওঠার আগেই মোবাইল ফোন খোয়া যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগ পরীক্ষা করে তারা ফোন হারানোর বিষয়টি নিশ্চিত হন।

মোবাইল হারানোদের মধ্যে রয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালু। এছাড়া নারী, বয়স্ক ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও এই চুরির শিকার হয়েছেন। অনেকের মোবাইলে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর এবং জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েন।

বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০টির বেশি সাধারণ ডায়েরি করা হয়েছে। আরও অনেকে মৌখিকভাবে অভিযোগ জানাতে থানায় আসছেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে সাতমাথা এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে ভুক্তভোগীরা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এদিকে, ফোন হারিয়ে জিডি করতে আসা ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্টেশন রোডের বিআরটিসি মার্কেট এলাকায় মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার দেড় লাখ টাকা মূল্যের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, ফোন হারানোর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। যারা অভিযোগ করেছেন, তাদের ফোন উদ্ধারে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। তথ্যপ্রযুক্তির পাশাপাশি বিভিন্ন কৌশল ব্যবহার করে হারানো মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরাইলে রুমিন ফারহানার উঠান বৈঠকে বিশৃঙ্খলা, আহত কয়েকজন

সরাইলে রুমিন ফারহানার উঠান বৈঠকে বিশৃঙ্খলা, আহত কয়েকজন