মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-১ আসনে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর প্রকাশ্য উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানের বাসভবনে শিবচর পৌর বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানান, সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। এই বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একই মঞ্চে বিএনপি প্রার্থী ও আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বিষয়টি শিবচরের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা ও শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আতাহার বেপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ী ইউনিয়নের মোহসিন উদ্দিন সোহেল, বহেরাতলা উত্তর ইউনিয়নের মো. জাকির হোসেন হায়দার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাশকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বায়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আতিকুর মাদবরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে সমাধানে কাজ করা হবে। তিনি ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকির আওতায় আনা হবে।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।