নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভাষণ সম্প্রচারের জন্য নির্ধারিত সময় বা স্লট বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে।
মাহাবুব আলম বলেন, “আজ আমরা আবেদন করছি। এখনো আমাদের কোনো স্লট দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই প্রয়োজনীয় স্লট বরাদ্দ দেবে।” তিনি আরও জানান, অনুমতি ও সময়সূচি পাওয়া গেলে নির্ধারিত দিনে নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হবে।
এনসিপি সূত্রে জানা গেছে, ভাষণে নাহিদ ইসলাম দলটির রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। এটি নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
এদিকে একই দিনে রাজনৈতিক অঙ্গনে আরও দুটি গুরুত্বপূর্ণ ভাষণ আসছে। আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক ভাষণে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এনসিপির আবেদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দলটির নেতারা আশা প্রকাশ করছেন, নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী শিগগিরই সম্প্রচার অনুমতি ও সময়সূচি নির্ধারণ করবে।
কসমিক ডেস্ক