রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পর এই আদেশ দেন।
এর আগে একই মামলায় গত শুক্রবার থেকে তিন দিনের রিমান্ডে ছিলেন আশিকা সুলতানা। রিমান্ডের মেয়াদ শেষ হলে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আশিকা সুলতানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি বলেন, তিনি কী অপরাধ করেছেন যে একই মামলায় বারবার তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে।
আসামিপক্ষের আইনজীবী শাহাব উদ্দিন রাজু জানান, একই মামলায় ধারাবাহিকভাবে একজন নারী আসামিকে রিমান্ডে নেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি আদালতে এই যুক্তি উপস্থাপন করলেও আদালত তা গ্রহণ না করে পুনরায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার-ফেস্টুন ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আশিকা সুলতানা ওই ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া তাকে আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও দাবি করা হয়েছে। মিছিলের নেতৃত্ব, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তার রিমান্ড প্রয়োজন বলে তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন।
কসমিক ডেস্ক