আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, যদি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আন্তরিকতা থাকে, তাহলে তাকে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত অভিযোগের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। তার ভাষ্য, শুধু বক্তব্য বা ঘোষণা নয়, আইনের আওতায় এসে বিচার মোকাবিলা করাই হবে প্রকৃত সাহসের পরিচয়।
তিনি আরও জানান, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব প্রতিবেদন যাচাই-বাছাই ও পর্যালোচনার কাজ চলছে। তদন্তের তথ্য-উপাত্ত মূল্যায়নের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
মো. আমিনুল ইসলাম বলেন, এসব মামলার আসামির তালিকায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মামলাগুলোর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এদিকে জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক