বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি এবং এই ঘাঁটি রক্ষা ও এখানকার জনগণের পাশে থাকার দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের ওপর ন্যস্ত করা হলো। তিনি বলেন, “এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে সঁপে দিলাম। এই ঘাঁটিকে দেখে রাখবেন, এখানকার জনগণকে দেখে রাখবেন।”
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহরের চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সভাটি অনুষ্ঠিত হয় তার নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে। সকাল সাড়ে ১০টায় সভা শুরু হলে শুরুতে তিনি স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কেউ কেউ মনে করেন, ভোটারদের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে তিনি ব্যক্তিগতভাবে এই ধারণার সঙ্গে একমত নন বলে জানান। তার ভাষায়, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবাইকে ভোটারদের কাছে যেতে হবে।”
তিনি আরও বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপিকে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে না পারলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে না।
বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও নানা সময়ে তিনি বগুড়ার জনগণের কাছে এসেছেন। এবার তিনি প্রার্থী হিসেবে এসেছেন ঠিকই, তবে নিজের নির্বাচনী দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চান না। তিনি বলেন, “আমাকে সারা দেশে নির্বাচনী প্রচারণায় যেতে হবে। তাই আমার নির্বাচনের দায়িত্ব আপনাদের নয়।”
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। আসন্ন নির্বাচনে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক