নারী প্রার্থীকে নিয়ে মন্তব্যে কঠোর বিএনপি, নেতা বহিষ্কার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারী প্রার্থীকে নিয়ে মন্তব্যে কঠোর বিএনপি, নেতা বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
নারী প্রার্থীকে নিয়ে মন্তব্যে কঠোর বিএনপি, নেতা বহিষ্কার ছবির ক্যাপশন:
ad728

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় নেতাকর্মীদের রঞ্জিত কুমার সরকারের সঙ্গে সব ধরনের যোগাযোগ পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ বলেন, বিএনপির নারী প্রার্থীকে নিয়ে অশালীন ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার বিষয়টি দল কোনোভাবেই গ্রহণ করে না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রঞ্জিত কুমার সরকারকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কড়াইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার উপস্থিতিতেই রঞ্জিত কুমার সরকার নাটোর-১ আসনের বিএনপি প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই দিন রাতেই লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।

ঘটনাটি নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নারী প্রার্থীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর এ ধরনের কঠোর অবস্থান গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পুরোনো বন্দোবস্ত ভাঙার আহ্বান চরমোনাই পীরের

পুরোনো বন্দোবস্ত ভাঙার আহ্বান চরমোনাই পীরের