ধানের শীষ বনাম হাতপাখা: উত্তাপ ছড়াচ্ছে বরিশালের ভোটের রাজনীতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধানের শীষ বনাম হাতপাখা: উত্তাপ ছড়াচ্ছে বরিশালের ভোটের রাজনীতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
ধানের শীষ বনাম হাতপাখা: উত্তাপ ছড়াচ্ছে বরিশালের ভোটের রাজনীতি ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত ও উৎসবমুখর হয়ে উঠছে বরিশাল-৫ (সদর) আসনের নির্বাচনী মাঠ। বিএনপি, ইসলামী আন্দোলন, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল নগরী ও সদর উপজেলার গ্রামগঞ্জ।

১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর বরিশালের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। পরে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বরিশাল-৫ আসনের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে ওঠে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সমর্থন ততই বাড়ছে বলে দাবি দলটির নেতাকর্মীদের। বরিশাল নগরী থেকে সদর উপজেলার ইউনিয়নগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মূলত বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থী। অনেক ভোটারের ভাষায়, “হাতপাখার বাতাসে দুলছে ধানের শীষ।” ফলে এ আসনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

তবে বিশ্লেষকদের মতে, এ আসনে আওয়ামী লীগের ভোটারদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রার্থী আওয়ামী লীগের ভোটের একটি বড় অংশ নিজের দিকে টানতে পারবেন, বিজয়ের পাল্লা তার দিকেই ভারী হবে।

বরিশাল-৫ আসনকে জেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়। বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার নির্বাচনী মাঠে রয়েছেন। দলের মনোনয়নবঞ্চিত বেশিরভাগ নেতাই প্রকাশ্যে সরোয়ারকে সমর্থন দিলেও বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন এখনো তার পক্ষে প্রচারণায় নামেননি। ফলে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন পুরোপুরি কাটেনি।

দলের ভেতরের এই বিরোধ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। এ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিরোধীদলীয় প্রার্থীরা।

অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। এবারের সংসদ নির্বাচনে বরিশাল নগরীর পাশাপাশি চরমোনাই ইউনিয়নসহ সদর উপজেলার আরও ১০টি ইউনিয়ন যুক্ত হওয়ায় তার ভোটব্যাংক আরও বিস্তৃত হয়েছে। জামায়াতের সমর্থন, ইসলামী আন্দোলনের সংগঠিত ভোট এবং আওয়ামী লীগের একটি অংশের ভোট পাওয়ার প্রত্যাশা তার জন্য বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে।

বরিশাল নগরীর বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একসময় বরিশাল ছিল বিএনপির শক্ত ঘাঁটি। তবে উন্নয়ন ও বয়সজনিত সীমাবদ্ধতার কারণে অনেক ভোটার নতুন মুখ খুঁজছেন। এ কারণেই অনেকে ইসলামী আন্দোলনের প্রার্থীর দিকে ঝুঁকছেন বলে তার মত।

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম বলেন, মানুষ বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলকেই দেখেছে। বরিশালের মানুষ পরিবর্তন চায়। অপরদিকে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার দাবি করেন, বরিশালে বিএনপি ঐক্যবদ্ধ এবং সাধারণ মানুষ এখনো বিএনপির সঙ্গেই রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিপুল ভোটের ব্যবধানে বিএনপি বিজয়ী হবে।

সব মিলিয়ে বরিশাল-৫ আসনে ধানের শীষ ও হাতপাখার মধ্যকার লড়াই এখন নির্বাচনের অন্যতম আলোচিত ও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়াশার কবলে শাহজালাল, ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট

কুয়াশার কবলে শাহজালাল, ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট