জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ায়, তাদের ১৭ বছরের নিপীড়নের গল্প আর গ্রহণযোগ্য থাকে না। সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া মানেই পরাজয় স্বীকার করা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোড এলাকায় এনসিপিসহ ১০ দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এই পথসভাটি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে জোট মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী প্রচারণা উপলক্ষে অনুষ্ঠিত হয়।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দলের সহিংস আচরণ ততই বাড়ছে। সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতে ইসলামীর এক উপজেলা নেতাকে হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের অতীত কৌশলের মতোই হামলা ও মামলা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এবার দেশের মানুষ ঐক্যবদ্ধ। ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণ প্রস্তুত এবং এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ১১ দলীয় জোট মাঠে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের দমন-পীড়নের কথা বলেছেন, তারাই এখন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। তাঁর ভাষায়, “যদি অপরাধের শাস্তি দেওয়া নিয়ে ভয় থাকে, তাহলে বুঝতে হবে ভবিষ্যতেও সেই অপরাধ করার চিন্তা মাথায় রয়েছে।”
তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে চা-শ্রমিক ও প্রান্তিক মানুষের ভূমির অধিকার, ন্যায্য মজুরি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শ্রীমঙ্গল–কমলগঞ্জ অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এবারের নির্বাচন শুধু সংসদ সদস্য বাছাই নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের গণভোট। দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও নারীদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মধ্য দিয়েই জনগণ নিজেদের অধিকার আদায় করবে বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। তিনি সন্ত্রাস, মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া সভায় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাশসহ জোটের অন্যান্য নেতারা।
কসমিক ডেস্ক