জামায়াত বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে : আমিনুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে : আমিনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
জামায়াত বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে : আমিনুল হক ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি এসব ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের বেনারসিপল্লি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন। আমিনুল হক বলেন, কয়েকটি রাজনৈতিক দল ভোটের রাজনীতিতে টিকে থাকতে অপপ্রচার ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।

তিনি দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করছে বিকাশে টাকা দেওয়ার অজুহাতে। পাশাপাশি এনআইডি নম্বর সংগ্রহ করা হচ্ছে, যাতে সেগুলো ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভোটের মাঠে কারচুপি করা যায়। তিনি বলেন, এসব বিষয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে ইতোমধ্যে অবগত করা হয়েছে।

আমিনুল হক বলেন, “গত দুই দিনের তথ্য আমাদের কাছে রয়েছে। কিছু কিছু এলাকায় তারা বিকাশে টাকা দিয়েছে। আবার কোথাও বিকাশে দিতে না পেরে হাতে হাতে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।” তিনি দাবি করেন, সাধারণ মানুষ বিষয়টি বুঝে ফেলায় অনেক জায়গায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিএনপি প্রার্থী অভিযোগ করেন, জামায়াতের এই কর্মকাণ্ড জনগণ বুঝে ফেলায় এখন বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের নাম ধরে বিভিন্ন জায়গায় গিয়ে বলা হচ্ছে—আমরা বিএনপি থেকে এসেছি, আপনার এনআইডি নম্বর দেন, মোবাইল নম্বর দেন। এটি একটি সুপরিকল্পিত মিথ্যাচার ও প্রোপাগান্ডা।”

এ কারণে আমিনুল হক বলেন, “আমার নাম ব্যবহার করলেও কেউ যেন কোনো এনআইডি নম্বর বা মোবাইল নম্বর না দেন।” তিনি জানান, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচনী বক্তব্যে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। অতীতে ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপি ভালোবাসা, সহনশীলতা ও আন্তরিকতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

আমিনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের দল হিসেবে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব পরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে পাশে থাকার জন্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে দক্ষিণ কোরীয় পার্ক হ্যান্ডব্যাগ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে দক্ষিণ কোরীয় পার্ক হ্যান্ডব্যাগ