ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলেও বয়োবৃদ্ধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবে না। এ জন্য ভোটকেন্দ্রে আনা–নেওয়ার সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক রিকশার ব্যবস্থা রাখা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারের নবম দিনে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজার রোডে নাভানা ও তালতলা বস্তির সামনের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক জানান, তাঁর নির্বাচনী এলাকায় মোট ১৩৭টি ভোটকেন্দ্র ও ৬৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব কেন্দ্র ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ঢাকা-১৬ আসনে উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে, যাদের ভোটার সংখ্যা প্রায় ৭০ হাজার। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উর্দুভাষী জনগোষ্ঠীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন উল্লেখ করে আমিনুল হক বলেন, এ কারণে এই জনগোষ্ঠীর সঙ্গে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
আমিনুল হক আরও বলেন, নির্বাচিত হলে উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন তাঁর অন্যতম অগ্রাধিকার হবে। পাশাপাশি তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
তবে আমিনুল হক অভিযোগ করে বলেন, জামায়াতের একটি চক্র এলাকায় ঘরে ঘরে গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সংগ্রহ করে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। বিষয়টি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ভোটাধিকার সুরক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কসমিক ডেস্ক