দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিটের মোট ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সমির চক্রবর্তী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীনগর উপজেলা ছাত্রদল, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বহিষ্কারের মাধ্যমে সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে বলে জানান নেতারা।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন— আপেল মাহমুদ, গোলাম সামদানি হৃদয়, সাদ সজিব, আরিয়ান জাহিদ, জিহাদুল ইসলাম জিহাদ, জাহিদ হাসান মারুফ, মাকসুদুল হক, আলিফ আহম্মেদ, আবু ইউসুফ, মেহেদী সরকার, হৃদয় মিয়া, সুমন আহমেদ, রবিন সরকার, ঝিনুক, রাকিব, মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, রায়হান সিকদার ও অলিউর রহমান নয়ন।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও কোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের নীতি ও আদর্শ মেনে চলার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।
কসমিক ডেস্ক