খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌ ছবির ক্যাপশন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের অভিযোগের পর তিন যুবক টানা ১৪ দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষ সীমান্ত এলাকায় নজরদারি বজায় রাখলেও তাদের সরিয়ে নেওয়া বা বিষয়টির স্থায়ী সমাধান নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের শূন্যরেখায় তিন যুবক অবস্থান করছেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সরেজমিনে সীমান্ত এলাকায় দেখা গেছে, তিন যুবক মাটিতে পলিথিন বিছিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে নিজেদের পোশাক টানিয়ে অস্থায়ীভাবে ছায়ার ব্যবস্থা করেছেন। সীমান্তের অনিশ্চয়তার মধ্যে তারা চরম কষ্টে জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্র জানায়, ওই তিন যুবক নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তাদের পরিচয় অনুযায়ী, তারা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬) এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলার পারভেজ (২১)।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও বৈরী আবহাওয়ার মধ্যেও তিন যুবক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ইজলামারী বিজিবি ক্যাম্প এবং স্থানীয় বাসিন্দারা তাদের খাবার সরবরাহ করে সহযোগিতা করছেন। তবে ১৪ দিন পেরিয়ে গেলেও তাদের নিরাপদ স্থানে নেওয়ার কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, গত ১৪ জুন ভোরে গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ছয়জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে তাদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে গণমাধ্যমে মানবিক সংকটের বিষয়টি প্রকাশিত হলে ১৮ জুন দুই শিশুসহ একটি পরিবারকে এবং ২৩ জুন আরও দুই যুবককে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু ইজলামারী সীমান্তে এই তিন যুবক এখনো শূন্যরেখায় আটকে রয়েছেন।

বিজিবি জানায়, বিষয়টি সমাধানে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। তবে বিএসএফের দাবি, ওই তিন ব্যক্তি ভারতের নাগরিক নন। এ অবস্থানের কারণে সমস্যার সমাধানে তারা আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে দীর্ঘদিন ধরে আটকে থাকা তিন যুবকের মানবিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাদের নিরাপদ সমাধানের দাবি জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ড. খলিলুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ড. খলিলুর রহমান