ভোটাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ দেখিয়েছে জুলাই অভ্যুত্থান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ দেখিয়েছে জুলাই অভ্যুত্থান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
ভোটাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ দেখিয়েছে জুলাই অভ্যুত্থান ছবির ক্যাপশন:
ad728

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি। এটি কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, বরং দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গড়ে ওঠা একটি যৌথ অঙ্গীকার, যার বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপরও বর্তায়।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ: মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ আলোচনা সভার আয়োজন করে।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদের এজেন্ডাগুলো হঠাৎ করে তৈরি হয়নি। প্রায় ৩০টি রাজনৈতিক দল দীর্ঘ নয় মাস ধরে নিরবচ্ছিন্ন আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই সনদ প্রণয়ন করেছে। তাই এটি কেবল একটি নীতিগত ঘোষণা নয়, বরং জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির সমন্বয়ে গঠিত একটি চুক্তি।

তিনি বলেন, গণঅভ্যুত্থান স্পষ্ট রায় দিয়েছে—বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে অভ্যুত্থান এই রায়ও দিয়েছে যে, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন কিংবা জমিদারিতন্ত্র কায়েম হতে পারবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

ভোটাধিকার প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য। ন্যায়বিচার, সংস্কার এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণভোট, নির্বাচন এবং সংবিধান সংস্কার—এই তিনটির ক্ষমতা জনগণের হাতেই নিহিত। জনগণই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জুলাই আন্দোলনের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্তি এনেছে। এখন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে প্রত্যেক নাগরিক নিজেকে রাষ্ট্রের মালিক বলে মনে করতে পারে।

আলী রীয়াজ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাইকে স্বাধীন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির। আলোচনায় আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের ডিসটিংগুয়েসড ফেলো ও সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান। সার্ভে প্রতিবেদন উপস্থাপন করেন চৌধুরী সামিউল হক। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশা, সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ১৯ দিন পর নদীতে ভেসে উঠল বিএনপি কর্মীর লাশ

নিখোঁজের ১৯ দিন পর নদীতে ভেসে উঠল বিএনপি কর্মীর লাশ