ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত বিদেশে অবস্থানরত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ঠিকানায় পর্যায়ক্রমে ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
সালীম আহমাদ খান বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ব্যালট গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, ব্যালট গ্রহণকারী ভোটারদের মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্য থেকেই এক লাখের বেশি ব্যালট দেশে পৌঁছেছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ভোটের কার্যক্রম চলছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে অবস্থানরত আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) পদ্ধতিতে নিবন্ধনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। এর মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন আশা করছে, সময়মতো আরও বিপুল সংখ্যক ব্যালট দেশে পৌঁছাবে।
পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে বিশেষ পরিস্থিতিতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগকে নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক