Jamdani Saree শুধু একটি শাড়ি নয়, এটি বাঙালির ঐতিহ্য, সৌন্দর্য ও আবেগের প্রতীক। সূক্ষ্ম সুতা, নিখুঁত নকশা এবং হাতে তৈরি কারুকাজের কারণে জামদানির আলাদা মর্যাদা রয়েছে দেশ-বিদেশে। অনেক নারী বছরের পর বছর শখের এই শাড়ি সংরক্ষণ করে রাখতে চান। তবে সাধারণ কাপড়ের মতো যত্ন নিলে জামদানির সৌন্দর্য ও বুনন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজন কিছু বিশেষ যত্ন ও সচেতনতা।
বিশেষজ্ঞদের মতে, জামদানি শাড়ি বাসায় সাধারণভাবে ধোয়া একেবারেই ঠিক নয়। কারণ শাড়ির সুতা তৈরির সময় বিশেষ ধরনের মাড় ব্যবহার করা হয়, যা কাপড়ের গঠন ধরে রাখতে সাহায্য করে। সরাসরি পানি বা শক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে সুতার বুনন আলগা হয়ে যেতে পারে এবং শাড়ি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
তাই জামদানি পরিষ্কারের জন্য অভিজ্ঞ ও বিশ্বস্ত লন্ড্রিতে “কাটা ওয়াশ” করানো সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এতে কাপড়ের ক্ষতি কম হয় এবং শাড়ির নকশা ও বুনন দীর্ঘদিন অক্ষত থাকে।
সংরক্ষণের ক্ষেত্রেও জামদানির জন্য আলাদা সতর্কতা দরকার। অনেকেই সাধারণ শাড়ির মতো ভাঁজ করে আলমারিতে রেখে দেন। কিন্তু বারবার একই জায়গায় ভাঁজ পড়লে কাপড়ের সুতা দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘদিন এভাবে রাখলে শাড়ির কিছু অংশ ফেঁসে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, জামদানি ভাঁজ না করে গোল করে পেঁচিয়ে রাখা ভালো। এজন্য মোটা পাইপ, কার্ডবোর্ড টিউব বা লম্বা কাঠি ব্যবহার করা যেতে পারে। এতে কাপড়ের ওপর চাপ কম পড়ে এবং বুনন সুরক্ষিত থাকে।
বর্ষাকালে জামদানির যত্নে বাড়তি সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত আর্দ্রতার কারণে কাপড়ে ফাঙ্গাস ধরতে পারে, রঙের উজ্জ্বলতা কমে যেতে পারে, এমনকি সুতা পচেও যেতে পারে। তাই নির্দিষ্ট সময় পরপর শাড়ি আলমারি থেকে বের করে বাতাসে মেলে দেওয়া উচিত। হালকা রোদে কিছুক্ষণ রাখলে আর্দ্রতা দূর হয়। তবে তীব্র রোদে দীর্ঘসময় রাখা ঠিক নয়, কারণ এতে কাপড়ের রঙ ফিকে হয়ে যেতে পারে।
জামদানির অন্যতম বৈশিষ্ট্য হলো এর সূক্ষ্ম বুনন। দীর্ঘদিন ব্যবহারের ফলে কাপড়ের মাড় কমে যেতে পারে এবং সুতা কিছুটা নরম হয়ে যেতে পারে। তাই দুই থেকে তিন বছর পরপর “কাটাই” করিয়ে নিলে শাড়ির গঠন ও স্থায়িত্ব ভালো থাকে। এটি শাড়ির বুননকে আরও শক্ত ও টেকসই করতে সহায়তা করে।
খাবারের দাগ লাগলে অনেকেই সঙ্গে সঙ্গে পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু জামদানির ক্ষেত্রে এটি উল্টো ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, দাগ লাগলে সেখানে হালকা ট্যালকম পাউডার ছিটিয়ে যত দ্রুত সম্ভব লন্ড্রিতে দেওয়া উচিত। এতে দাগ কাপড়ে স্থায়ী হওয়ার ঝুঁকি কমে।
অনেকেই বিশেষ অনুষ্ঠান ছাড়া জামদানি ব্যবহার করতে চান না। কিন্তু দীর্ঘদিন আলমারিতে তুলে রাখলেও কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে। নিয়মিত ব্যবহার করলে কাপড়ের স্বাভাবিক অবস্থা ভালো থাকে। তাই শুধু বিয়ে বা বড় আয়োজন নয়, ছোটখাটো দাওয়াত, পারিবারিক অনুষ্ঠান বা আত্মীয়ের বাসায় যাওয়ার সময়ও জামদানি পরা যেতে পারে।
ব্যবহারের পর শাড়ি ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করা জরুরি। ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় রেখে দিলে কাপড়ে দুর্গন্ধ ও ফাঙ্গাস তৈরি হতে পারে।
নতুন Jamdani Saree কেনার পর পাড়ে ফলস এবং আঁচলে নেট লাগিয়ে নিলে কাপড় আরও সুরক্ষিত থাকে। এতে পাড় সহজে ভাঁজ হয় না এবং ঘর্ষণে কাপড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়। সঠিক যত্ন ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে একটি জামদানি বহু বছর ধরে নতুনের মতো সৌন্দর্য ধরে রাখতে পারে।
কসমিক ডেস্ক