ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন চৌধুরী মোনামী আবারও আলোচনায় এসেছেন। সর্বশেষ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ চলাকালে পুলিশের হাতে আটক এক শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত হওয়ার ঘটনায় প্রথমবারের মতো আলোচনায় আসেন মোনামী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে হামিম তার কাছে দুঃখ প্রকাশ করেন।
এরপর বিভিন্ন সময় নানা ইস্যুতে আলোচনায় থাকলেও সর্বশেষ জামায়াতের নির্বাচনী ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন করে দৃষ্টি কেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে তোলা একটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বিষয়টি আরও আলোচিত হয়।
ওই ছবির ক্যাপশনে শেহরীন আমিন চৌধুরী মোনামী লেখেন, তিনি একাদশ দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত—উভয় দলের ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছেন। একই সঙ্গে তিনি আশাবাদ প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন ঘটাবে।
তার এই মন্তব্য ও উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।