টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল ছবির ক্যাপশন:

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। নতুন করে শুনানির জন্য আগামী ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে ওই দিন আদালত অন্য মামলার কার্যক্রমে ব্যস্ত থাকায় নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি। এ কারণে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি, বর্তমানে ১১৩, ১১বি, রোড নম্বর ৭১) অবৈধ সুবিধা নিয়ে দখল ও রেজিস্ট্রি করা হয়েছে। এ ঘটনায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই উক্ত ফ্ল্যাটটি নিজেদের নামে দখল ও পরে রেজিস্ট্রি করেন।

এর আগে গত বছরের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের পর ১৮ ফেব্রুয়ারি আদালত তা গ্রহণ করে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইন্টারপোলের মাধ্যমে টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

গত ৮ মার্চ আদালতের নির্দেশে গেজেট প্রকাশের মাধ্যমে আসামিদের হাজির করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে ৮ এপ্রিল মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলি করা হয় এবং ১৬ এপ্রিল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছিল, যা পরে পিছিয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় রয়েছে এবং আগামী ২৮ জুন পরবর্তী শুনানিতে অভিযোগ গঠন নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আদালত সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ