ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর প্রকাশিত এক প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। নয়াদিল্লিভিত্তিক Association for Democratic Reforms (এডিআর)-এর প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত বিধায়কদের প্রায় ৬৫ শতাংশই নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে জয়ী ২৯২ জন বিধায়কের মধ্যে ১৯০ জন তাদের হলফনামায় ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৬৫। ২০২১ সালের নির্বাচনে এ সংখ্যা ছিল ১৪২ জন বা ৪৯ শতাংশ। ফলে পাঁচ বছরের ব্যবধানে মামলাযুক্ত জনপ্রতিনিধির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এডিআরের তথ্যে আরও বলা হয়েছে, ১৭০ জন বিধায়কের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। যা মোট বিজয়ীদের প্রায় ৫৮ শতাংশ। আগের নির্বাচনে এই হার ছিল ৩৯ শতাংশ। গুরুতর অভিযোগগুলোর মধ্যে খুন, হত্যাচেষ্টা এবং নারী নির্যাতনের মতো অভিযোগও রয়েছে।
প্রতিবেদন অনুসারে, ১৪ জন বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে এবং ৫৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আছে। এছাড়া ৬৩ জন বিধায়ক নারী নির্যাতনসংক্রান্ত মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, Bharatiya Janata Party (বিজেপি)-র বিজয়ী ২০৬ জন প্রার্থীর মধ্যে ১৫২ জন অর্থাৎ প্রায় ৭৪ শতাংশ ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করেছেন। অন্যদিকে All India Trinamool Congress (তৃণমূল কংগ্রেস)-এর ৮০ জন বিজয়ীর মধ্যে ৩৪ জন বা ৪৩ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে।
ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যেও একই প্রবণতা দেখা গেছে। Communist Party of India (Marxist), আম জনতা উন্নয়ন পার্টি এবং সর্বভারতীয় ধর্মনিরপেক্ষ ফ্রন্টের সব বিজয়ী প্রার্থীই নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করেছেন। তবে Indian National Congress-এর দুই বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গুরুতর ফৌজদারি মামলার ক্ষেত্রেও বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। বিজেপির ৬৮ শতাংশ বিজয়ী গুরুতর মামলার মুখোমুখি হয়েছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এ হার ৩১ শতাংশ।
এডিআর-এর প্রতিবেদনে নির্বাচিত প্রতিনিধিদের সম্পদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ২৯২ জন বিজয়ীর মধ্যে ১৭৮ জন কোটিপতি, যা মোটের প্রায় ৬১ শতাংশ। ২০২১ সালে এই হার ছিল ৫৪ শতাংশ। সব বিজয়ী প্রার্থীর ঘোষিত মোট সম্পদের পরিমাণ এক হাজার ৯১ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি বিধায়কের গড় সম্পদ দাঁড়িয়েছে ৩.৭৩ কোটি টাকা, যা আগের বিধানসভায় ছিল ২.৫৩ কোটি টাকা। অর্থাৎ সম্পদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
দলভিত্তিক সম্পদের হিসাবে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের গড় সম্পদ সবচেয়ে বেশি। তাদের গড় সম্পদের পরিমাণ ৫.৩৬ কোটি টাকা। এরপর রয়েছে বিজেপি বিধায়কেরা, যাদের গড় সম্পদ প্রায় ২.৯৭ কোটি টাকা।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ী প্রার্থীদের ৬৩ শতাংশ স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত। এছাড়া ৩২ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। একজন বিধায়ক নিজেকে নিরক্ষর হিসেবে উল্লেখ করেছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ বিধায়ক ৪১ থেকে ৬০ বছর বয়সী। মোট ৬৩ শতাংশ এই বয়সসীমার মধ্যে রয়েছেন। মাত্র ১৬ শতাংশের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া প্রায় ২০ শতাংশের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে এবং তিনজনের বয়স ৮০ বছরের বেশি।
নারী প্রতিনিধিত্বের চিত্রও খুব ইতিবাচক নয়। ২৯২ জন বিজয়ীর মধ্যে মাত্র ৩৭ জন নারী, যা মোটের প্রায় ১৩ শতাংশ। আগের নির্বাচনের তুলনায় এই হার সামান্য কমেছে।
এডিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপরাধমূলক মামলায় জড়িত জনপ্রতিনিধির সংখ্যা বাড়ছে এবং সম্পদের কেন্দ্রীকরণও বৃদ্ধি পাচ্ছে। বিষয়গুলো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক