জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপ দেওয়ার দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপ দেওয়ার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপ দেওয়ার দাবি ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনের পর প্রথম জাতীয় সংসদ অধিবেশনেই সদ্য অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস করার জোর আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। জনস্বাস্থ্য সুরক্ষায় অধ্যাদেশটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সংগঠনটি বলেছে, এটি দ্রুত আইনে পরিণত না হলে জনস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত আত্মা’র এক সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় বক্তারা বলেন, অধ্যাদেশটি সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের পর ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যাবে। তাই এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই।

সভায় জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে রূপ নিলে নতুন প্রজন্মের মধ্যে নিকোটিন ও তামাকজাত পণ্যের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নারী, শিশু ও অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের মারাত্মক ক্ষতি থেকে সুরক্ষা পাবে। বক্তাদের মতে, দীর্ঘমেয়াদে এটি দেশে তামাকজনিত মৃত্যু ও নানা স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের নেতারা বলেন, অধ্যাদেশটি কার্যকর করতে হলে তামাক কোম্পানিগুলোর অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে। তারা অভিযোগ করেন, অতীতেও তামাক শিল্পের চাপ ও প্রভাবের কারণে শক্তিশালী জনস্বাস্থ্যবান্ধব নীতিমালা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।

সভায় আরও অভিযোগ করা হয়, ২০২৫ সালে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের সময় তামাক কোম্পানির নজিরবিহীন প্রভাবের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ পড়ে। এসব প্রস্তাবের মধ্যে ছিল খোলা বা খুচরা তামাক বিক্রি বন্ধ, ফেরি বা ভ্রাম্যমাণ তামাক বিক্রি নিষিদ্ধ করা, বাধ্যতামূলক লাইসেন্সিং ব্যবস্থা চালু এবং তামাক কোম্পানির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম নিষিদ্ধ করা।

বক্তারা বলেন, ভবিষ্যতে নীতি প্রণয়ন ও আইন বাস্তবায়নের ক্ষেত্রে এসব বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর প্রায় ৩৫ শতাংশ তামাক ব্যবহার করে। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। এছাড়া তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে সরকারের অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি।

বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে পরিণত হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও সরকার ও জনগণ উপকৃত হবে।

সভায় মোট ৫৬ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে আত্মা’র কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র হাসান শাহরিয়ার সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। বিশেষ আলোচনায় অংশ নেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুর জামান রনি, আত্মা’র কনভেনর মতুর্জা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ এবং সদস্যসচিব এবিএম জুবায়েরসহ অন্যান্য সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ইরানের শীর্ষ নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেট

ট্রাম্পকে ইরানের শীর্ষ নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেট